চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে ডাব খাওয়া কমাতে হবে। বর্তমানে নগরজুড়ে ডাব খাওয়ার প্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের সামনে গেলে ডাবের খোসা ও অন্যান্য উচ্ছিষ্টের বিশাল স্তূপ দেখতে পাওয়া যায়। এসব খোলা খোসায় জমে থাকা স্বচ্ছ পানিতে সহজেই এডিস মশার লার্ভা সৃষ্টি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গু বর্তমান সময়ে একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার কারণে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সিটি কর্পোরেশনগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তবে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য নগরবাসীর সচেতনতাও অত্যন্ত জরুরি।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও উল্লেখ করেন যে, ডেঙ্গুর বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। ডাবের খোসার পাশাপাশি বাড়ির আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। নগরবাসীর সার্বিক সহযোগিতা ছাড়া ডেঙ্গুর এই মারাত্মক প্রাদুর্ভাব মোকাবিলা করা চসিকের পক্ষে একা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।
আরববাংলা টিভি/ডেস্ক