সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বেনাপোলে রাজস্ব সহকারীকে লাঞ্ছিতের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য খালাসের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেই এই অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও কাস্টমস সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বেনাপোল বন্দরের ৪১ নম্বর শেডে পণ্য খালাস কার্যক্রম তদারকি করছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা আরমান। এ সময় সেখানে উপস্থিত হন যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি ওই কর্মকর্তার ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাথি মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কাস্টমস কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তিনি নিয়মতান্ত্রিকভাবেই নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বন্দর ব্যবহারকারী ও স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এ ধরনের মারমুখী আচরণ সম্পূর্ণ অনভিপ্রেত। এতে দাপ্তরিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং বন্দরের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কাস্টমসের সাধারণ কর্মচারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD