শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শ্রীপুরে বিকাশ কর্মীদের গুলি করে তিন কোটি টাকা লুট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ কর্মীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যস্ততম শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের করম আলী এলাকার মোড়ে এই সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই আকস্মিক সশস্ত্র হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের জানান, ঘটনার দিন সন্ধ্যায় বিকাশ এজেন্টের ওই কর্মীরা একটি মোটরসাইকেল ও একটি বিশেষ ভ্যানে করে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নগদ টাকা নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে করম আলী এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বিকাশ কর্মীরা গুরুতর আহত হন এবং রাস্তায় লুটিয়ে পড়েন।

গুলিবিদ্ধ ও আহত কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলেও দুর্বৃত্তরা ফাঁকা গুলি চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। পরে সুযোগ বুঝে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানায়, ছিনতাই হওয়া টাকার সঠিক পরিমাণ নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে যৌথভাবে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে দেশজুড়ে সক্রিয় কোনো অপরাধ চক্র বা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কোনো নাশকতাকারী দলের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চৌকি জোরদার করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD