শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তীব্র নিরাপত্তা ও চিকিৎসা সংকট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে নগরায়ন ও কর্মসংস্থানের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে বাড়ছে নিরাপত্তাঝুঁকি। ৩৩ হাজার একরজুড়ে গড়ে ওঠা এই বিশাল শিল্পাঞ্চলে প্রতিদিন বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটলেও, সেই অনুপাতে গড়ে ওঠেনি প্রয়োজনীয় নিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবা অবকাঠামো। ফলে চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন এখানকার হাজারো সাধারণ শ্রমিক ও কর্মরত কর্মীরা।

বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি কিংবা স্থায়ী আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু তার পরিবর্তে অপ্রতুল নিরাপত্তার মধ্য দিয়েই চলছে কোটি কোটি টাকার বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম। অন্যদিকে, কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নেই কোনো আধুনিক হাসপাতাল বা ট্রমা সেন্টার। শ্রমিকদের প্রাথমিক চিকিৎসার জন্য সামান্য কিছু ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

বিশ্লেষকরা মনে করছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মেগা প্রকল্পের নামে কেবল বড় বড় বুলি আওড়ানো হলেও শ্রমিকদের জীবনযাত্রার মান এবং মৌলিক নিরাপত্তার বিষয়টি ছিল চরমভাবে উপেক্ষিত। কার্যকর কোনো পরিকল্পনা ছাড়াই অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত না করলে ভবিষ্যতে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায়, দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং শ্রমিকদের নায্য অধিকার ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবিলম্বে এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক অঞ্চলের ভেতরেই স্থায়ী পুলিশ স্টেশন স্থাপন এবং একটি বিশেষায়িত জরুরি চিকিৎসাকেন্দ্র চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত এই সংকট নিরসন না হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD