বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ফুলতলার স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাতিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ডা. জেসমিন আরাকে সহকারী সার্জন পদে পদাবনতি দিয়ে বদলি করার মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই সেই বিতর্কিত আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য প্রশাসনের এমন আকস্মিক ও দ্রুত সিদ্ধান্ত বদল নিয়ে স্থানীয় চিকিৎসা মহলে নানা আলোচনা ও পর্যালোচনার জন্ম দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান যে, প্রশাসনিক প্রক্রিয়া এবং মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সংশোধনী আনা হয়েছে।

এর আগে গত কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে ফুলতলা উপজেলা থেকে সরিয়ে অন্য স্থানে পদায়ন করা হয়েছিল। তবে নতুন ও সংশোধিত আদেশে তাকে পুনরায় তার পূর্বের কর্মস্থল ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বহাল রাখা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই আদেশের ফলে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং চিকিৎসকদের মাঝে বিরাজমান ধোঁয়াশা কেটে যাবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, স্বাস্থ্য খাতের প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি দূরদর্শিতা ও সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে পরবর্তীতে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত বদলের প্রয়োজন না পড়ে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD