বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

রামেবি উপাচার্যের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের ওপর মব সৃষ্টি করে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকসমাজ। গত বুধবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপাচার্যের ওপর এমন অনৈতিক চাপ প্রয়োগ এবং জোরপূর্বক পদত্যাগের ঘটনার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসাবিজ্ঞান সেক্টরকে অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে অনিয়ম ও জবরদস্তির সংস্কৃতি চালু করা হয়েছিল, সেই অপছায়া এখনও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন উপস্থিত চিকিৎসকরা। কার্যতই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করত, বর্তমান স্বাধীন পরিস্থিতিতেও সেই একই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তারা মন্তব্য করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোরহস্তে প্রতিহত করা হবে। উপাচার্যের মতো একজন জ্যেষ্ঠ শিক্ষাবিদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন আন্দোলনের নেতৃত্বদানকারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD