রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

পাবনায় মাদরাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগে সুপারের মোটরসাইকেলে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

পাবনার আতাইকুলা কাছারপুর দাখিল মাদরাসার এক ছাত্রীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে মাদরাসা সুপার হুজ্জাতুল্লাহর বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে আজ রোববার সকাল ১০টার দিকে মাদরাসা চত্বরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা অভিযুক্ত সুপার হুজ্জাতুল্লাহর ব্যক্তিগত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মাদরাসার সুপার হুজ্জাতুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ ছিল। সম্প্রতি তিনি এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দিন সকালে শিক্ষার্থীরা মাদরাসায় উপস্থিত হয়ে অভিযুক্ত সুপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে মাদরাসা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধরা সুপারের মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুপার হুজ্জাতুল্লাহ পলাতক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD