বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি সৈনিকদের পেশাদারিত্ব বজায় রেখে দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি।
সেনাবাহিনীর সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সেনাপ্রধান জানান যে, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সৈনিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের পরিবারের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি আশ্বস্ত করেন। দরবারে উপস্থিত বিভিন্ন পদবির সেনা কর্মকর্তারা তাদের পেশাগত বিভিন্ন বিষয়ে সেনাপ্রধানের নিকট মতামত তুলে ধরেন এবং তিনি যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।
আরববাংলা টিভি/ডেস্ক