শিক্ষাবর্ষ শুরুর প্রায় ১০ মাস অতিবাহিত হতে চললেও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ে সরেজমিনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বই না পাওয়ার এই চাঞ্চল্যকর তথ্য জানা যায়। দীর্ঘদিন ধরে পাঠ্যবই থেকে বঞ্চিত থাকার কারণে এসব শিক্ষার্থীর পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং তারা আগামী বার্ষিক পরীক্ষা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা প্রশাসন সারাদেশে সময়মতো বই পৌঁছে দেওয়ার জোর প্রচেষ্টা চালালেও দেবীগঞ্জের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘাটতি কেন দেখা দিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই শিক্ষাক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা চলে আসছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষাবর্ষের প্রায় শেষ প্রান্তে এসেও শিক্ষার্থীদের হাতে সব বই না পৌঁছানোটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার পরিচায়ক বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের জানান, অতিরিক্ত চাহিদা পাঠানো সত্ত্বেও পর্যাপ্ত বই সরবরাহ না পাওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বাকি বইগুলো পৌঁছে দেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন মহলে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে গণমাধ্যমকে জানান। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা অবিলম্বে তাদের প্রাপ্য পাঠ্যবই হাতে পাওয়ার আকুল আবেদন জানিয়েছে যাতে তারা পড়াশোনায় পিছিয়ে না পড়ে।
আরববাংলা টিভি/ডেস্ক