এশিয়ান গেমস থেকে দেশে ফিরছিল নেপালের পদকজয়ী কাবাডি দল। কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছে ফ্লাইট জটিলতায় পড়ে গেছে ব্রোঞ্জজয়ী নারী দলটি। ভয়াবহ আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়েছেন আরো কয়েকটি দেশের ক্রীড়াবিদরা। আন্তর্জাতিক অঙ্গনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নেপালের নারী ক্রীড়াবিদরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
ব্যাংকক বিমানবন্দরে ফ্লাইট সংক্রান্ত জটিলতা এবং বৈরী আবহাওয়ার কারণে নেপালের এই দলটি নির্ধারিত সময়ে দেশের বিমান ধরতে ব্যর্থ হয়। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় পুরো যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে নেপালের এই ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে টানা ৪০ ঘণ্টা ধরে থাইল্যান্ডের বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে।
খেলোয়াড়দের নিরাপত্তা এবং খাবার-দাবারের বিষয়টি নিয়ে নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো যৌথভাবে কাজ করছে। তবে এত দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় নারী খেলোয়াড়রা মানসিকভাবে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট ক্রীড়া কতৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ামাত্রই একটি বিশেষ ফ্লাইটে নেপালের এই দলকে নিরাপদে কাঠমান্ডুতে ফিরিয়ে আনা সম্ভব হবে।
আরববাংলা টিভি/ডেস্ক