আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ড্রোন হামলার এক দিন পর দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার জানান, এসব হামলার লক্ষ্য ছিল ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা। তিনি দাবি করেন, পাকিস্তানের বিমান বাহিনীর এই জোরালো পদক্ষেপে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং দুই দেশের মধ্যকার সীমান্ত পরিস্থিতি বর্তমানে অত্যন্ত থমথমে রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছে ইসলামাবাদ। অন্যদিকে, কাবুল এই অভিযোগ অস্বীকার করে উল্টো তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বর্তমান এই আঞ্চলিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। সাংবাদিকদের কাছে দেওয়া এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক