বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়। কুয়েতের শুল্ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কঠোর নজরদারি ও তল্লাশির অংশ হিসেবে সন্দেহভাজন ওই যাত্রীর ব্যাগপত্র স্ক্যান করা হয় এবং তার ভেতর থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাদক পাচার রোধে কুয়েত সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কাস্টমস কর্মকর্তারা প্রতিটি ফ্লাইটের যাত্রীদের ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। আটককৃত প্রবাসীকে কুয়েতের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার পর বাংলাদেশ থেকে কুয়েতগামী অন্যান্য যাত্রীদের ক্ষেত্রেও তল্লাশির প্রক্রিয়া আরও কড়াকড়ি করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক