সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

রেলপথে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ

রেলপথে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে দেশের সকল স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন বিশৃঙ্খলা ও সহিংসতার প্রেক্ষাপটে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব গণমাধ্যমকে জানান, কার্যকরভাবে রেলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট সরকারের দোসররা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন আন্দোলনের নামে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলো জনগণের মাঝে ভীতি সৃষ্টি করতে গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের এই অপচেষ্টা দেশের সচেতন জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে প্রতিহত করবে।

সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। রেলওয়ের প্রতিটি পয়েন্টে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নাশকতাকারীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD