চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সর্পদংশন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তারা জানান, সাপে কাটলে ওঝা বা বদ্যির কাছে না গিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে প্রতিষেধক বা অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলে চিকিৎসকরা আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে সাপে কাটা নিয়ে ভীতি দূর হবে এবং সময়মতো চিকিৎসা গ্রহণের হার বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক