একশ বছর ধরে মানুষের চিকিৎসাসেবায় নিরলসভাবে নিয়োজিত রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়িয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের সুখ-দুঃখের নীরব সাক্ষী হয়ে আছে। অথচ শতবর্ষে এসে সেই স্বাস্থ্যকেন্দ্রটি আজ চরম জীর্ণতা, অব্যবস্থাপনা ও অবহেলার ভারে ন্যুব্জ হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে অবিলম্বে নতুন করে গড়ে তুলে একে একটি পূর্ণাঙ্গ ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হোক।
দীর্ঘকাল ধরে চিকিৎসাসেবা দিয়ে আসা এই কেন্দ্রটির অবকাঠামোগত অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয়। রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রয়োজনীয় জনবলের সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অথচ একসময়ে এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল ছিল এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। স্থানীয় সচেতন মহল মনে করেন, স্বাস্থ্য খাতের এই অবহেলা দূর করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত নজর দেওয়া উচিত। অন্যথায় শতবর্ষের এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যাবে।
এলাকাবাসীর মতে, কুষ্টিয়ার ভেড়ামারা অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাতবাড়িয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়ন এখন সময়ের দাবি। তারা সরকারের উচ্চ মহলের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে এই স্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়ন কাজ শুরু হয় এবং পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধপত্র নিশ্চিত করা হয়, যাতে গরিব ও অসহায় মানুষ উপকৃত হতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক