দর্শনা থেকে ভোলার খেয়াঘাট ২৫ ইউনিটে যাওয়ার পথে ৪৯৪ বস্তা ভুট্টা বোঝাই একটি ট্রাকসহ উধাও হয়ে গেছেন এক চালক। গত আট দিন ধরে ওই চালক এবং ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা নিয়ে বর্তমানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনার একটি গুদাম থেকে কাজী ফার্মস লিমিটেডের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ৪৯৪ বস্তা ভুট্টা ট্রাকে লোড করা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চালক গন্তব্যে পৌঁছাননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও টানা আট দিন ধরে বন্ধ রয়েছে। ভুট্টার মালিক ও ব্যবসায়ীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়ি ও চালকের কোনো হদিস মেলাতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় নিখোঁজ ট্রাকটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই চালককে আটক করে লুট হওয়া ভুট্টা উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক