মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে মশক নিধন সপ্তাহ-২০২৬। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় ক্যাম্পাসকে ডেঙ্গু ও মশামুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উদ্বোধনকালে ভিসি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সময়ে মশাবাহিত রোগের প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে কেবল প্রশাসন নয়, কুয়েট পরিবারের প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। ক্যাম্পাসকে পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে পারি।
সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় কুয়েট ক্যাম্পাসের প্রতিটি আবাসিক হল, একাডেমিক ভবন, খেলার মাঠ এবং ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। একই সাথে মশার লার্ভা ধ্বংস করতে ওষুধ ছিটানো এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকেও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক