শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

মোদিকে তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। দুই দেশের শীর্ষ এই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ আরও গলবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফায়েড হ্যান্ডলে দেওয়া ওই বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ পথচলার সফলতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমানের এই শুভেচ্ছাবাণ্তার পরপরই তাতে সাড়া দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। নরেন্দ্র মোদি তার পোস্টে উল্লেখ করেন, শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, দুই দেশের শীর্ষ নেতাদের এই শুভেচ্ছা বিনিময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের শীর্ষ নেতৃত্বের এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ উভয় দেশের সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD