রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের চাল ওজনে কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য নির্ধারিত এই কর্মসূচিতে প্রতিটি কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও, বাস্তবে তাদের দেওয়া হচ্ছে মাত্র ২৯ কেজি করে। কার্ডধারী সাধারণ মানুষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকে জানান স্থানীয়রা।
পরবর্তীতে সরেজমিনে গিয়ে চাল বিতরণে অনিয়ম ও ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। কার্ডধারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডিলাররা কারসাজি করে সাধারণ মানুষের হক মেরে খাচ্ছেন। সরকারের মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র এভাবে চাল আত্মসাৎ করছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ওজনে কম দেওয়ার পাশাপাশি কার্ডধারীদের নানাভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অনিয়ম করার সাহস না পায়।
আরববাংলা টিভি/ডেস্ক