কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর থেকে পুলিশ তদন্তকেন্দ্র পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক বছরে প্রায় ১৫০টি বসতবাড়ি ও কয়েকশ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। এই ভয়াবহ পরিস্থিতি থেকে স্থানীয় জনপদকে রক্ষার্থে এবং দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় গণমাধ্যমকে জানান, নদীভাঙনের কবলে পড়ে এলাকার শত শত মানুষ আজ ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলে ভাঙনের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, দ্রুত জিও ব্যাগ ডাম্পিং ও স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই পুলিশ তদন্তকেন্দ্রসহ আশপাশের জনবসতি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
মানবন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নদীভাঙন রোধে মেগা প্রকল্প গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় আরও বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক