বর্ষা এলেই যেন নতুন রূপে সেজে ওঠে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চলনবিল। নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার নিচে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। বিলের বুক ছুঁয়ে বয়ে যাওয়া বাতাস, নৌকার ছলাৎছল শব্দ আর পানিতে আকাশ ছায়ার মিতালি দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই জলরাশি।
স্থানীয় গণমাধ্যমকে জানান স্থানীয় ব্যবসায়ীরা, বর্ষার এই মৌসুমে চলনবিল কেন্দ্র করে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকার মাঝি থেকে শুরু করে স্থানীয় দোকানদারদের আয়ও বাড়ে। তবে অতিরিক্ত পর্যটক সমাগমের কারণে অনেক সময় পরিবেশের ওপর চাপ পড়ে। তাই দর্শনার্থীদের যত্রতত্র আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।
শুধু সিরাজগঞ্জ নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ ছুটে আসছেন চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে। কেউ ট্রলার ভাড়া করে পুরো বিল ঘুরে দেখছেন, কেউ আবার জলমগ্ন ধানি জমির আইলে দাঁড়িয়ে সেলফি তুলছেন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক