বাগেরহাটের মোংলায় কাতারপ্রবাসী এনামুল ফকিরের কষ্টার্জিত অর্থ এবং প্রায় সাত থেকে আট ভরি স্বর্ণালংকার আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে তার স্ত্রী তানজিলা বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে সর্বস্বান্ত হয়ে চরম বিপাকে পড়েছেন ওই প্রবাসী। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী এনামুল ফকির বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং ঘটনার সত্যতা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
অভিযোগে প্রবাসী এনামুল উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে কাতারে কঠোর পরিশ্রম করে জমানো অর্থ এবং দামি স্বর্ণালংকার নিয়মিতভাবে তার স্ত্রী তানজিলা বেগমের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু দেশে ফেরার পর তিনি দেখতে পান যে, তার পাঠানো সমস্ত অর্থ এবং স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, স্ত্রী তানজিলার সাথে খলিল নামের এক স্থানীয় ব্যক্তির পরকীয়া ও অনৈতিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগে দাবি করেছেন ওই প্রবাসী। এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আইনি আশ্রয় নিতে বাধ্য হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সঠিক ব্যবহার এবং পারিবারিক অসন্তোষের জেরে এ ধরনের সামাজিক অপরাধ ইদানিং বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোংলা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক