কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী পথ দিয়ে অভিনব কায়দায় পাচার হয়ে যাচ্ছে কৃষকদের অতি প্রয়োজনীয় সার। এর ফলে স্থানীয় বাজারে সারের মারাত্মক কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিসিআইসি ডিলারসহ কিছু অসাধু খুচরা ব্যবসায়ী সিন্ডিকেট অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন, বোরো ও অন্যান্য ফসলের এই মৌসুমে জমিতে সার দেওয়ার জন্য তারা ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে ঘুরেও সার পাচ্ছেন না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। এতে চলতি কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, পাচার চক্রের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে কৃষিখাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কৃষকরা জানান, দ্রুত পাচার রোধ এবং ডিলারদের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত না করলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
আরববাংলা টিভি/ডেস্ক