বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ

নওগাঁর অজপাড়া গাঁ থেকে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে নিজের শিক্ষাজীবন শেষ করলেও পরবর্তীতে তার ভবিষ্যৎ নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চাকরি পাওয়ার প্রত্যাশায় তিনি দেশের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়িয়েছিলেন কিন্তু কোনো স্থায়ী সমাধান পাচ্ছিলেন না।

অবশেষে তার এই দীর্ঘ সংগ্রাম ও মেধার মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরাসরি উদ্যোগে এবং সদিচ্ছায় অবশেষে একটি সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এই মেধাবী তরুণ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিল হোসেনের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করার পর তার পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়।

চাকরি পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিল হোসেন সাংবাদিকদের জানান, তার এই দীর্ঘ পথচলায় অনেকেই কেবল আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগী হয়ে তার অদম্য ইচ্ছাশক্তির মূল্যায়ন করেছেন। এই চাকরি পাওয়ার ফলে তার পরিবারের দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, একজন বিশেষ চাহি সম্পন্ন ও মেধাবী তরুণের পাশে এভাবে সরকারের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দাঁড়িয়ে যাওয়া দেশের অন্যান্য যুবকদের মধ্যেও নতুন আশার সঞ্চার করবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মেধাবীরা নানাভাবে বঞ্চিত হলেও বর্তমান প্রশাসনের এই ধরনের জনবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD