চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডটি ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার যোগাযোগের প্রধান সড়ক। যানজট নিরসন, যোগাযোগব্যবস্থা সহজ করা এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ৫০০ কোটি টাকা ব্যয়ে ছয় লেনে উন্নীত করা হয়েছে ২০২৫ সালের জুনে। শুধু সড়ক প্রশস্তকরণই নয়, সৌন্দর্যবর্ধনেও ব্যয় করা হয় বিপুল পরিমাণ অর্থ। কিন্তু এত বড় একটি প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রক্ষণাবেক্ষণের অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও সড়কটির দুই পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাণিজ্যিক বর্জ্য। এতে একদিকে যেমন তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষিত হয়ে ডেঙ্গুসহ নানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এছাড়া সড়কের বিভিন্ন অংশ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট। ফলে সম্প্রতি ছয় লেনে উন্নীত হওয়া এই আধুনিক সড়কটির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী নগরবাসীরা গণমাধ্যমকে জানান, কোটি কোটি টাকা খরচ করে সড়ক নির্মাণ করা হলেও তদারকি না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বর্জ্য অপসারণ করে সড়কটির সৌন্দর্য এবং চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনে, সেটাই এখন এলাকাববাসীর প্রধান দাবি।
আরববাংলা টিভি/ডেস্ক