পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রো জোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে সাংবাদিকদের জানান, এই অঞ্চলের কৃষির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন সোলার বিদ্যুৎ প্রকল্পের আশপাশের এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগ্রো জোন গড়ে তোলা হবে। এর ফলে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ সহজ হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপকহারে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যাতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে পঞ্চগড় জেলা দেশের একটি অন্যতম কৃষি ও শিল্পসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত হবে।
আরববাংলা টিভি/ডেস্ক