শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বিদ্যুৎকেন্দ্রে নাশকতা নিয়ে রিজভীর মন্তব্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটির ঘটনায় এগুলো নাশকতা বা স্যাবোটাজ কি না, সে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের রেখে যাওয়া বিভিন্ন খাতের বিশৃঙ্খলা এবং নানামুখী চক্রান্ত এখনও দেশের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। বিদ্যুৎ খাতের মতো অত্যন্ত সংবেদনশীল জায়গায় বারবার এ ধরনের রহস্যজনক ত্রুটি কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এর পেছনে সুদূরপ্রসারী কোনো নাশকতার ছক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি বিভিন্ন চক্র নানা উপায়ে পায়তারা চালাচ্ছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলের দোসররা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে থেকে এ ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখতে এবং এ ধরনের যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে দমন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে চলমান প্রবৃদ্ধি ও উন্নয়নমূলক প্রকল্পগুলো সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষকেও যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD