ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কলেজ ক্যাম্পাসে এ ধরনের কনসার্ট আয়োজন শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা শান্তিপূর্ণ উপায়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের জোরালো দাবি জানান।
উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতির নামে পাপাচার ও নৈতিক অবক্ষয়মূলক কার্যক্রমের প্রসার ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন মহল। বর্তমানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন উদ্যোগগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে শেষ পর্যন্ত কনসার্ট বন্ধ হয় কি না, তা নিয়ে জেলাজুড়ে কৌতূহল ও আলোচনা চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক