বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এই সাফল্যের পেছনে সরকারের সুদূরপ্রসারী চিন্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। তিনি সংসদকে অবহিত করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ও বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনীকে পুনর্গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অতীতে দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ইন্ধন ছিল। তবে বর্তমান প্রশাসনের কার্যকর পদক্ষেপে এসব নাশকতাকারীদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে। দেশের সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর এবং অচিরেই অপরাধমূলক কার্যক্রম পুরোপুরি নির্মূল করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD