উপমহাদেশের একমাত্র মুসলিম নারী নবাব, নারী শিক্ষার অগ্রদূত ও প্রজাহিতৈষী জমিদার নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত এবং প্রত্নতত্ত্ব বিভাগের সম্পদ হিসেবে গেজেটভুক্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। এই ঐতিহাসিক সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখলচেষ্টা প্রতিহত করার দাবিতে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লাকসামের এই ঐতিহাসিক কৃতি ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত তালিকাভুক্ত এই অমূল্য সম্পদ বেদখল হয়ে গেলে এলাকার ঐতিহ্য চরমভাবে ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অবিলম্বে এই জবরদখলকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গণমাধ্যমকে জানান স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ঐতিহাসিক এই সম্পত্তি সুরক্ষায় সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক