সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনার শাখা নদীতে এই আনন্দদায়ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। গ্রামীণ ঐতিহ্য রক্ষা ও মানুষের মাঝে বিনোদন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তায় এবং স্থানীয় বিশিষ্টজনদের সার্বিক তত্ত্বাবধানে এই বর্ণাঢ্য আয়োজনটি বাস্তবায়িত হয়। যমুনা নদীর তীরবর্তী হাজার হাজার মানুষ নদীর দুই তীরে দাঁড়িয়ে উপভোগ করেন গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য। বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নেয় এবং বাইচ চলাকালীন ঢোল ও কাশির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং আগামীতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এই নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো বেলকুচি অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
আরববাংলা টিভি/ডেস্ক