কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম বলেছেন, গ্রামের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পথে অর্থনৈতিক সংকট বা দারিদ্র্য কোনোভাবেই বাধা হতে পারে না। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং দেশের প্রতিটি কোণায় মেধাবী শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নে রাষ্ট্র পাশে রয়েছে।
সম্প্রতি এক বিশেষ মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে শিক্ষাখাতে চরম বৈষম্য তৈরি করা হয়েছিল। তৎকালীন সময়ে মেধাবীদের মূল্যায়ন না করে দলীয়করণের মাধ্যমে পুরো শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এখন সময় এসেছে সেই অন্ধকার যুগকে পেছনে ফেলে একটি জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আবুল কালাম দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান যে, এলাকার কোনো শিক্ষার্থী যেন শুধু টাকার অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা একটি স্বনির্ভর ও শিক্ষিত যুব সমাজ গঠনে কাজ করে যাচ্ছি, যা আগামী দিনের বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
আরববাংলা টিভি/ডেস্ক