সংসদে বিরোধী দলগুলো অত্যন্ত মার্জিত ও সুন্দর কথা বললেও, সংসদের বাইরে তারা ঠিক একাত্তরের সময়ের মতো উগ্র ও ধ্বংসাত্মক রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার এক রাজনৈতিক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, একটি পক্ষ জনগনের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, আজ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা পর্দার আড়ালে থেকে সেই একই চক্রান্ত আবার নতুন করে শুরু করতে চাইছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই অর্জিত স্বাধীনতা রক্ষায় এবং দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তাদের আপসহীন নেতৃত্বের ফলেই আজ জাতি নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে।
এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তাদের কোনো অঙ্গসংগঠন যদি পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে দেশের মুক্তিকামী জনগণ তা কঠোরহাতে দমন করবে।
আরববাংলা টিভি/ডেস্ক