বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বাজারে ইলিশ, দাম আকাশছোঁয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:৪০ am

বর্ষার ভরা মৌসুমে রাজধানীর বাজারগুলোতে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। আকার, ওজন ও মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত। ফলে বাজারে ইলিশ থাকলেও তা এখন মূলত সামর্থ্যবান ক্রেতাদের মাছ হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ বিক্রি হচ্ছে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম কেজিপ্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

এ ছাড়া ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি প্রায় ১ হাজার ৭০০ টাকা। এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। বড় আকারের ইলিশের ক্ষেত্রে বাজারভেদে দাম আরও বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

এমন চড়া দামে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন বলেন, ছোট আকারের ইলিশের দাম তুলনামূলক কম হলেও ভালো আকারের মাছ কিনতে গেলে অনেক টাকা গুনতে হচ্ছে। আগে মৌসুমে ইলিশ কিনলেও এবার দাম বেশি হওয়ায় শুধু দেখেই চলে যেতে হচ্ছে।

মাছ বিক্রেতা সবুজ বলেন, বাজারে ইলিশের সরবরাহ রয়েছে। তবে বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকেই বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম কমানো সম্ভব হচ্ছে না। সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে।

রাজধানীর অন্যান্য বাজারেও প্রায় একই চিত্র দেখা গেছে। কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি বা কাছাকাছি ওজনের ইলিশের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা। আর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ইলিশের সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বড় আকারের মাছের সরবরাহ কম থাকায় এ মুহূর্তে চড়া দামেই বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD