বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

কলকাতার বাংলাদেশ মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৩:১৫ pm

দীর্ঘদিনের ভারপ্রাপ্ত ব্যবস্থার অবসান হতে চলেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। প্রায় দুবছর পর পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পেতে চলেছে কলকাতার বাংলাদেশ মিশন। নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ।

বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ১৫ জুলাইয়ের পর অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যেই যেকোনো সময়ে কলকাতায় এসে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন মোহাম্মদ খালেদ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ক্যারিয়ার কূটনীতিক ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) কর্মকর্তা।

দীর্ঘ কূটনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ খালেদ। কুনমিংয়ে দায়িত্ব নেওয়ার আগে তিনি মিয়ানমারের ইয়াঙ্গুন, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়েও তাঁর রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

শিক্ষাজীবনে গ্রিসের ন্যাশনাল অ্যান্ড কাপোডিস্ট্রিয়ান ইউনিভার্সিটি অব এথেন্স থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ খালেদ। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস থেকে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৭৯ সালের ১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ খালেদ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিশনের দূতালয় প্রধান মোহাম্মদ আশরাফুল সিকদার। চলতি বছরের জুন মাসে তাঁর দায়িত্ব শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে যান। বর্তমানে প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন।

এর আগে ৫ আগস্টের আগে পর্যন্ত কলকাতা মিশনের পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। তাঁর শ্রীলঙ্কায় বদলির পর দীর্ঘ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমেই চলছিল কলকাতার বাংলাদেশ মিশন। এবার প্রায় দুই বছর পর একজন পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পেতে চলেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD