রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে দুই দেশে ইরানের হামলা, ক্ষয়ক্ষতির তথ্য জানাল যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:৩৩ pm

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এতে হওয়া ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশ দুটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলেছে, ইরানের নৌ ও বিমানবাহিনী কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহরকে’ লক্ষ্যবস্তু করেছে। এসব লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাঁচটি উপকূলীয় অবস্থানে মার্কিন বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, বাহরাইন ও কুয়েতসহ প্রতিবেশী দেশগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

তিনি বলেন, পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী ‘ইউএস সেন্ট্রাল কমান্ড’ (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই সর্বশেষ এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান চালিয়েছে।

এতে আরও বলা হয়েছে, হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুতকেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD