রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দেশের বাজারে বাড়তে পারে মোবাইল ফোনের দাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬ ২:৩২ pm

দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের দাম আগামী ১ জুলাই থেকে বাড়তে পারে। কারণ, মোবাইল ফোন আমদানিতে সরকারের দেওয়া সাময়িক শুল্ক-সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। নতুন করে এ সুবিধার মেয়াদ না বাড়ানো হলে আমদানি পর্যায়ে করভার বৃদ্ধি পাবে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের জানুয়ারিতে সরকার সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনে। ফলে ভ্যাট, অগ্রিম আয়কর (এআইটি) ও অন্যান্য করসহ মোট করভার কমে দাঁড়ায় ৪৩ দশমিক ৪৩ শতাংশে। তবে এই শুল্ক-সুবিধা ছিল আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) দাবি, শুল্ক-সুবিধার মেয়াদ আর না বাড়ানো হলে আমদানিকৃত মোবাইল ফোনের মোট করভার বেড়ে ৬৪ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে। এর ফলে দেশের বাজারে আমদানি করা স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

খাতসংশ্লিষ্টদের মতে, কর বৃদ্ধির অতিরিক্ত চাপ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হবে। ফলে নতুন স্মার্টফোন কিনতে গ্রাহকদের আগের তুলনায় কয়েক হাজার টাকা বেশি ব্যয় করতে হতে পারে।

এদিকে শুল্ক-সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে ইতোমধ্যে চিঠি দিয়েছে এমআইওবি। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক দিনের সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের আমদানিকৃত স্মার্টফোনের বাজার। শুল্ক-সুবিধা বহাল না থাকলে ১ জুলাই থেকেই মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD