বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

মিরপুরে অভিযানকালে পুলিশের ওপর হামলা, দৌড়ে প্রাণে বাঁচলেন সদস্যরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৫:৩১ pm

রাজধানীর মিরপুরের পল্লবীতে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অন্তত পাঁচ থেকে ছয়জন সদস্য আহত হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়া বাঁধ বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট প্রটেকশন অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) সদস্যরা। স্থানীয়দের হামলায় পিওএম ও থানা-পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পল্লবী থানা-পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD