ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদি পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষ ও পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো গরু, ষাঁড় বা মহিষ জবাই করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী-পুরুষ মহিষসহ সব ধরনের গবাদি পশুর ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। জবাইয়ের জন্য পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। গুরুতর আঘাত বা অসুস্থতার কারণে অক্ষম হলে তবেই জবাইয়ের অনুমতি মিলবে।
এছাড়া পশু জবাইয়ের স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পৌরসভার অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করা যাবে। জনসমাগমপূর্ণ এলাকায় বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়ম বাস্তবায়নে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেকোনো স্থান পরিদর্শন করতে পারবেন এবং এতে বাধা দেওয়া হলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
শাস্তির বিধানে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে এক হাজার রুপি জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এ ধরনের অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, যা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি