শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিটিকেজি এক্সপো’ শুরু হচ্ছে ২৯ এপ্রিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৩:০৫ pm

বাংলাদেশে প্রথমবারের মতো গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রদর্শনীকে দেশের দ্রুত বিকাশমান পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা উপলক্ষ্যে আয়োজিত এক কনফারেন্সে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বিকেএমইএ এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেড।

কনফারেন্সে ব্রিফিংকালে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিকেজির কনভেনার ফজলে শামীম এহসান, ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেডের নির্বাহী পরিচালক স্পেন্সার লিন এবং অ্যালিয়েন্ট লিমিটেডের সিইও রুবাইয়াত আহসানসহ বিকেএমইএ’র ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

কনফারেন্সে বলা হয়, আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় আইসিসিবিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আয়োজকরা জানান, ‘বিটিকেজি এক্সপো ২০২৬-এ প্রায় ৩০টি দেশের এক হাজারেরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করবে। তার মধ্যে বাংলাদেশ, কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উল্লেখযোগ্য।

প্রায় এক হাজার ৮০০টি বুথ নিয়ে আটটি প্রদর্শনী হলে প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই আয়োজন বিস্তৃত থাকবে। এই বৃহৎ পরিসরের আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রতি বৈশ্বিক আগ্রহের প্রতিফলন।

মেলা চলাকালীন বিকেএমইএ, বিইউটেক্স এবং টেক্সটাইল ট্যুডে যৌথভাবে তিনটি সেমিনার আয়োজন করবে। যেখানে শিল্পের বর্তমান অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।

মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD