সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাকিস্তানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:৪৫ pm

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে পাকিস্তান। গতকাল রোববার থেকে তাদের তৎপরতা বৃদ্ধি পায়। আজ সোমবার (২০ এপ্রিল) নাম গোপন রাখার শর্তে পাকিস্তানি একটি সূত্র বার্তাসংস্থা এপিকে এ তথ্য জানিয়েছে।

এর অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স নাতালি ব্যাকারের সঙ্গে মার্কিন দূতাবাসে গিয়ে দেখা করেন।

তাদের মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা ও পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক বৃদ্ধি নিয়ে কথা হয় বলে জানিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কখন আলোচনা হতে পারে সেটি স্পষ্ট করেনি তারা।

মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকের পর নাকবি বলেন, “আমরা আমাদের সম্মানিত অতিথিদের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছি।”

এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। তবে তার প্রকাশিত বিবৃতিতে সম্ভাব্য আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি।

প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

এদিকে আলোচনা হবে কি না বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া সবচেয়ে বিলাসবহুল দুটি হোটেলও খালি করে দেওয়া হয়েছে। যেন সেখানে মার্কিনি ও ইরানি প্রতিনিধিরা এসে থাকতে পারেন।

এর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ ও অন্যান্য হোটেলগুলোকে কম বুকিং নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যেন প্রয়োজনে হোটেল রুম ব্যবহার করা যায়।

সূত্র: এপি

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD