লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় খুন ও ডাকাতির মামলার ১১ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি ইসমাইল হোসেন ওরফে পাটওয়ারী আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পালাতক। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- কাউছার হেসেন, আবুল হোসেন, ছোট কামাল, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, মো. হোসেন, আলমগীর, আবুল কালাম বাহার। অভিযোগ প্রমানিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামে দুই জনকে খালাস দেন বিচারক।
মামলা সূত্রে জানায়, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাশিবপুর গ্রামের আবুল খায়ের মাষ্টার বেপারীর বাড়ির মকবুল আহম্মদের ঘরে ডাকাতদল হানা দেয়। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। তারা ঘরের গৃহকর্তা মকবুল আহম্মদের বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা মূল্যবান মালমাল ও স্বর্ণালংকার লুটে নেয়।
এ ঘটনায় পরদিন নাম না জানা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম। পরে মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে ১১ আসামিকে যাবজ্জীবন ও দুই জনকে খালাস দেন। এছাড়া এক আসামি মামলা চলাকালে মারা যান।