ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই সময় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৩৫ জন। বর্তমানে এই জেলার বিভিন্ন হাসপাতালে ৭৩৬ জন মশাবাহিত রোগটির চিকিৎসা নিচ্ছেন।
মারা যাওয়ারা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাঝিকান্দা এলাকার মোকলেছুর রহমানের স্ত্রী আকলিমা বেগম (৫০), জেলার সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকার আমির জমাদ্দারের ছেলে আব্দুর রব (৫৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার দত্তবাড়ি এলাকার জালাল খাঁর স্ত্রী রোকসানা বেগম (৪০)।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুইজন মারা গেছেন। অপর জন মারা গেছেন ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে ৮৮ জন মারা গেছেন।