মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হচ্ছে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে পিংক রঙের এই মহিলা বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসের বাসগুলোতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।