বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

১৩ উপদেষ্টা চট্টগ্রামের, ৩ বিভাগের কেউ না থাকায় সারজিসের ক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারে চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা নেওয়া হয়েছে। অথচ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই তিন বিভাগ থেকে কী একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। অঞ্চলবৈষম্য মানা হবে না বলে জানান তিনি।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সমন্বয়ক সারজিস আলম বলেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন। এ রকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।

একই অনুষ্ঠানে সারজিস আলমের বক্তব্যের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।

চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে শারমিন মুর্শিদ বলেন, এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। এই এলাকায় যতখানি মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব। আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে রংপুর বিভাগের সব শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD