বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬ ২:৫৭ pm

হোয়াইট হাউসের লনে গত সপ্তাহের শেষে আয়োজিত ‘আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (ইউএফসি) মিক্সড মার্শাল আর্ট ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

গতকাল মঙ্গলবার আদালতের নথির বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই ঘটনায় পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এফবিআইয়ের অভিযোগ, ষড়যন্ত্রকারীরা ড্রোন হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে উপস্থিত লোকজনকে একটি নির্দিষ্ট গেটের দিকে সরিয়ে নিতে চেয়েছিল, যেন সেখানে অপেক্ষমাণ স্নাইপাররা রাজনীতিবিদ ও অন্যদের ওপর গুলি চালাতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্পসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান আইনপ্রণেতা, দাতা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, হেফাজতে নেওয়া ওই পাঁচজন সরকারবিরোধী নানা মতবাদে বিশ্বাসী। তারা মূলত জেফরি এপস্টেইন মামলার তদন্ত নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ ছিল। এ ছাড়া, ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে যারা টাকা নেয়, এমন নেতাদের ওপরও তাদের একজনের ক্ষোভ ছিল।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, ১০ জুন তারা এই হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন।

হেফাজতে হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অন্যদের বিরুদ্ধে অস্ত্র রাখা এবং দেশবিরোধী ষড়যন্ত্র এবং অস্ত্রসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তারা এখনো আদালতে নিজেদের দোষ স্বীকার বা অস্বীকার করেননি এবং তাদের আইনজীবীদের সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কথিত হামলার পরিকল্পনার বিষয়টি ফাঁস হয় ১৯ বছর বয়সী টাইসেন প্রপার নামে এক তরুণের মায়ের কারণে। ওহাইওতে বসবাসকারী ওই মা পুলিশকে ফোন করে জানান, তার ছেলে অনেক অস্ত্র কিনছে এবং অনলাইনে সন্দেহভাজন লোকেদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এফবিআইয়ের একটি হলফনামা অনুযায়ী, প্রপার টাইসেন পরে এফবিআই এজেন্টদের কাছে স্বীকার করেন, তিনি ইউএফসি অনুষ্ঠানে একটি সমন্বিত হামলার পরিকল্পনা সম্পর্কে জানতেন।

ফ্রান্সের এভিয়ানে জি-সেভেন সম্মেলনে থাকা ট্রাম্প জানান, তিনি এই পরিকল্পিত হামলার বিষয়ে কিছু শোনেননি।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, কর্তৃপক্ষ সেই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কগুলো খুঁজে বের করার চেষ্টা করছে, যেগুলো এ ধরনের সহিংসতাকে উসকে দেয়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এত বড় হামলার পেছনে অনেক টাকা ও বড় কোনো নেটওয়ার্কের হাত রয়েছে, যা খুঁজে বের করা জরুরি।

তিনি বলেন, যথেষ্ট অর্থ এবং বড় কোনো সমন্বয় ছাড়া ২৩ জন লোক এমন ভয়াবহ হামলার পরিকল্পনা করার সাহস পেতেন না। এটি স্রেফ কয়েকজনের পাগলামি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী চক্রান্ত।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD