সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৫:২৩ pm

বাণিজ্যিক ভিত্তিতে দেশে হেলিকপ্টার সার্ভিস পরিচালনার লাইসেন্স পেয়েছে সাবেক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দীনের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আকিজ বশির এভিয়েশন’।

রোববার (১৯ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই লাইসেন্স ইস্যু করেছে। গত বছর ‘আকিজ বশির এভিয়েশন’ বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার জন্য বেবিচকের কাছে আবেদন করে।

শেখ বশির উদ্দীন বিমান উপদেষ্টা থাকাকালে হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স নিতে আবেদন করা হয়েছিল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এরপর থেকেই আবেদন অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়। তৎকালীন বিমান উপদেষ্টা এ ব্যাপারে বেবিচক কর্মকর্তাদের দ্রুত লাইসেন্স ইস্যু করতে নির্দেশনাও দেন। কিন্তু আবেদনের সঙ্গে বেবিচকের নীতিমালা অনুযায়ী পর্যাপ্ত কাগজপত্রের ঘাটতি থাকায় লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া বিলম্ব হয়।

বেবিচক সূত্রে জানা গেছে, গত বছরের ১১ মার্চ আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে ট্রেড লাইসেন্স ইস্যু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনের সময় জমা দেওয়া ট্রেড লাইসেন্সের কপিতে লাইসেন্সের মেয়াদ ছিল ৩০ জুন, ২০২৫ পর্যন্ত। এছাড়া গত বছরের মার্চ মাসে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধনের জন্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস বাংলাদেশ-এ আবেদন করে আকিজ বশির এভিয়েশন।

‘আকিজ বশির এভিয়েশন’ প্রতিষ্ঠানের হেলিকপ্টার সার্ভিস পরিচালনার লাইসেন্সের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে গত বছর শেখ বশির উদ্দীন বলেছিলেন, আমার একটি মাত্র হেলিকপ্টার আছে, যার কোনো পাখা নেই। বাংলাদেশে ব্যক্তিগত হেলিকপ্টার চালানোর লাইসেন্স দেওয়া হয় না। এজন্য আকিজ বশির এভিয়েশন লিমিটেডের পক্ষ থেকে কমার্শিয়াল লাইসেন্সের আবেদন করা হয়েছে ১১ মাস আগে। আমি ওই কোম্পানির মেজর শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও এখনো লাইসেন্স পাইনি। অথচ আমার কোম্পানির পাইলট, ইঞ্জিনিয়ার, হ্যাঙ্গারসহ সবকিছুই প্রস্তুত। আমি প্রভাব বিস্তার করলে তো অনেক আগেই লাইসেন্স পাওয়ার কথা ছিল।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD