সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ভারতীয় সহকারী হাইকমিশনারের সিএসই পরিদর্শন, সহযোগিতা জোরদারের আশাবাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৫:১৮ pm

দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন।

রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পুঁজিবাজার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করে। সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিএসই।

বৈঠকে সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিএসইর পক্ষ থেকে দেশের পুঁজিবাজারের সম্প্রসারণ ও বহুমুখীকরণে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস বাজার চালু, নতুন সম্পদশ্রেণি (অ্যাসেট ক্লাস) যুক্ত করা এবং সিএসইকে বহুমাত্রিক (মাল্টি-অ্যাসেট) এক্সচেঞ্জ হিসেবে গড়ে তোলার বিষয়ে ভারতের সঙ্গে সহযোগিতার প্রস্তাব তুলে ধরা হয়। একইসঙ্গে ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

এ সময় ড. রাজীব রঞ্জন বলেন, ভারতের পুঁজিবাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশকে সহায়তা করতে কাজে লাগানো যেতে পারে। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং জ্ঞান বিনিময় কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কমোডিটি ডেরিভেটিভস খাতে অগ্রগতি অর্জন করতে পারে, যা মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) বৈশ্বিকভাবে একটি সফল উদাহরণ, যার মডেল বাংলাদেশ অনুসরণ করতে পারে। এ ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) সহযোগিতাও গুরুত্বপূর্ণ হতে পারে।

ভারত বাংলাদেশকে উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের শেষে সিএসই চেয়ারম্যান ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে পুঁজিবাজার খাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD