সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬ ১০:৪৩ am

হরমুজ প্রণালি অবরোধকারী মার্কিন বাহিনীকে ‌‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি। একই সঙ্গে এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু; যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনও অংশে কম নয়।’’

গত মাসে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই যুদ্ধবিমান আইআরজিসির ভূপাতিত করার ঘটনার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘‘আপনাদের রণতরী এবং বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার প্রস্তুত রাখুন; ঠিক যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইসফাহানে পড়ে ছিল।’’

এদিকে, আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।’’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা বলেছে, দেশের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ শেষ করার জন্য তেহরান একটি সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইউরোপের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এক্সে দেওয়া পোস্টে তারা বলেছে, ‘‘এর একটিই ব্যাখ্যা হতে পারে, ট্রাম্পকে হয় অসম্ভব সামরিক অভিযান অথবা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাজে চুক্তির মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে গেছে।’’

সূত্র: এএফপি, আল জাজিরা।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD