সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু লুটপাট ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এখন থেকে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে নদীর বিভিন্ন পয়েন্টে। পুলিশের এই আধুনিক পদক্ষেপে রাতের আঁধারেও ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দৃশ্য সরাসরি ধরা পড়ছে।
প্রযুক্তির এই নজরদারি ব্যবস্থাটি সরাসরি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে অপরাধীরা যতই সতর্ক থাকুক না কেন, মুহূর্তের মধ্যে তাদের অপকর্মের খবর চলে আসছে পুলিশের নখদর্পণে। পুলিশ প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা।
স্থানীয় গণমাধ্যমকে জানান হয়েছে যে, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এই নদীতে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু ও পাথর লুট করে আসছে। এর ফলে নদীভাঙন দেখা দেওয়ার পাশাপাশি এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছিল। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং পরিবেশ রক্ষার্থে পুলিশ প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এই ধরনের নজরদারি কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক